বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছে সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ পৃথক বার্তায় এই সমবেদনা জানিয়েছেন।সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শোকবার্তা পাঠানো হয়। বার্তায় সৌদি রাজপরিবারের পক্ষ থেকে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানানো হয়েছে।
শোকবার্তায় বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ উল্লেখ করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর সংবাদটি তারা অত্যন্ত দুঃখের সঙ্গে গ্রহণ করেছেন। মহান আল্লাহর কাছে তিনি প্রার্থনা করেন, যেন খালেদা জিয়াকে অসীম রহমত ও ক্ষমার চাদরে আবৃত রাখা হয় এবং তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করা হয়। একইসঙ্গে তিনি বাংলাদেশ ও মরহুমার পরিবারকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করার জন্য দোয়া করেন।
অন্যদিকে, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান তার বার্তায় বলেন, খালেদা জিয়ার মৃত্যুসংবাদ তাদের ব্যথিত করেছে। এই কঠিন সময়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন মরহুমাকে রহমতের চাদরে ঢেকে রাখা হয় এবং পরকালে তাকে সম্মানিত স্থান দান করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী হিসেবে পরিচিত এই রাজনীতিকের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতা তৈরি হয়েছে। তার এই বিদায়ে একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।